প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:৫২ পিএম আপডেট: ১৩.১০.২০২৬ ৮:১১ পিএম
ছবি: যাযাদি দেশে নাগরিকদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার বিকেলে মাদারীপুরের শকুনি লেকপাড় মুক্তমঞ্চে জেলা এনসিপি আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে আমাদের কোনো নিরাপত্তা নাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব আমাদের দেশে নিরাপত্তা দিতে পারেন না, আর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আমাদের বিদেশে নিরাপত্তা দিতে পারেন না।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসা রাজনৈতিক পরিবর্তনের পর ক্ষমতায় এলেও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে নিরাপত্তা দিতে পারছে না।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ এখন কোথায় যাবে? যদি বর্তমান সরকার, গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচনের মাধ্যমে আসা সরকার ব্যর্থ হয়, তাহলে জনগণ কোথায় যাবে? আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি, সরকার ব্যর্থ হয়েছে।
মাদারীপুর জেলা এনসিপির আহ্বায়ক মনিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা শাখার সদস্যসচিব ইয়াজ্জেম হোসেন রোমানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।