প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:২৪ পিএম
ছবি: যাযাদিগাজীপুরের গাছা থানার ৩২ নম্বর ওয়ার্ডে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জয়নুল আবেদীন মেমোরিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মাদকের বিস্তার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক ব্যবসা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ মারাত্মক ঝুকির মুখে পড়বে। মাদক ব্যক্তি ও পরিবারকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সামাজিক নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করে।
কর্মসূচিতে বক্তারা আরও বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি তরুণদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে হাসান মোহাম্মদ শরীফের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তবে হামলার অভিযোগ ও এর পেছনের কারণ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গাছা থানায় মামলা দায়েরের পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন মো. হাফিজুর রহমান রুবেল, মো. সেলিম মিয়া, ডা. মোসলেম উদ্দিন, মো. রাসেল হোসেন, শিক্ষিকা নাছরিন আক্তার, জন্নাতুল ফেরদৌস অহনা, হাফেজ মাওলানা সোহানুর রহমান সোহান ও রাফাত আহম্মেদসহ অনেকে।
কর্মসূচি থেকে এলাকায় মাদক ব্যবসা বন্ধ, হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।