প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:০১ পিএম
ছবি: যাযাদিমানিকগঞ্জের শিবালয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ছয় জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা প্রায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের সহিদ মণ্ডলের ছেলে হযরত আলী (২৮), শামসাল শেখের ছেলে ওমর ফারুক (২৫), আবদুর রহমানের ছেলে মো. আজগর (২২), রৌহা গ্রামের হালিমের ছেলে মো. রকিব (২৫), তুফান শেখের ছেলে মো. আনিস শেখ (৩৫) এবং বাবুর ছেলে মো. রানা (২৬)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে চলমান সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে সোমবার গভীর রাতে শিবালয় উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে ছয় জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে জব্দ করা প্রায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার বলেন, মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ অভিযান চলবে।