ছবি-যাযাদি নেত্রকোনার দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মহড়া পরিচালনা করেন দুর্গাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মজিবুর রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার এবং একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মহড়ায় শিক্ষার্থীদের আগুন লাগলে কীভাবে তা মোকাবিলা করতে হবে এবং বিভিন্ন দুর্যোগের সময় কী ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।
নবম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, বাড়িতে আগুন লাগলে কীভাবে তা নেভাতে হয়, সে সম্পর্কে আগে তাদের স্পষ্ট ধারণা ছিল না। তবে আজকের মহড়ায় ব্যবহারিকভাবে বিষয়টি শেখার সুযোগ হয়েছে, যা তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
আরেক শিক্ষার্থী জানায়, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে—আজকের মহড়া থেকে তারা এ শিক্ষা পেয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের প্রদর্শিত মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অফিস, আদালত, বাসাবাড়ি, স্কুল-কলেজসহ বিভিন্ন স্থানে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব দুর্ঘটনা মোকাবিলায় প্রাথমিকভাবে কী কী পদক্ষেপ নিতে হবে এবং কী করণীয়, সে বিষয়ে আজকের মহড়া শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত সবার জন্যই উপকারী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও আশা প্রকাশ করেন, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ ধরনের মহড়া থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করে দুর্যোগ মোকাবিলায় সচেতন ভূমিকা রাখতে পারবেন।