ছবি-যাযাদি গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে একটি কারখানার শ্রমিকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালের দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সি স্টেজ বিডি লিমিটেড নামের কারখানার শ্রমিকরা। খবর পেয়ে প্রায় এক ঘন্টা পর সাউণ্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। এতে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শ্রমিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বকেয়া বেতনের দাবিতে কারখানার মালিক পক্ষকে একাধিক বার জানায় শ্রমিকরা। না দোওয়ায় গত ১০ অক্টোবর আন্দোলনে করে। সেসময় কর্তৃপক্ষ জানিয়েছিল ১৩ অক্টোবর দিনে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়া হবে। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় শ্রমিকরা আবারও আন্দোলনে নামেন। সেসময়ও বুধবার (১৫ অক্টোবর) বেতন দেয়ার তারিখ করে। আজকে বেতন চাইলে না দিয়ে তালবাহানা শুরু করে এডমিন।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে মহাসড়কে অবস্থান করে চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। বেতনের পরিশোধ করা হবে মর্মে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু আগেও এমন প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে শ্রমিকরা আজকের কথা উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কে উভয় পাশে দীর্ঘ যানজটের তৈরি হয়। এক পর্যায়ে পুলিশ পেছনে ফিরে এসে মহাসড়ক অবরোধে থাকা শ্রমিকদের সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।
কারখানার শ্রমিক মো. ইকবাল হোসেন বলেন, নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় তাঁরা কর্মবিরতি পালন করেছিলেন। এরপর একাধিকবার বেতন দেওয়ার সময় জানানো হলেও তা পরিশোধ করা হয়নি। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। কারখানার নারী শ্রমিক সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, মহাসড়কে অবস্থান নেওয়ার পর পুলিশ তাঁদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে অনেক শ্রমিক পড়ে গিয়ে আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানান এই শ্রমিক।
কর্মরত শ্রমিক হাসান, মিজান ও ফাতেমা বলেন,' আজকে কারখানায় এসেও বেতন চাই কিন্তু তারা না দিলে আমরা রাস্তায় নামি। এরপর শুনি কারখানায় শুনি সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আমাদের বেতন না দিলে খাবো কি..?। বাড়ি ভাড়া ও দোকান বাকি দিবো কেমনে?। আমরা বেতনের ন্যায্য দাবী করে সড়কে যাই।'
এ প্রসঙ্গে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাই তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, শ্রমিকেরা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন,'সেখানে শিল্প পুলিশ এসেছিল। পরিস্থিতি স্বাভাবিক আছে। শৃঙ্খলা রক্ষায় আমাদের একটি টিমও কাজ করেছে।'
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম যায়যায়দিনকে জানান, একটি কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিল। খবর পেয়ে আমাদের পুলিশ সদস্যরা সেখানে পৌঁছে। মালিক পক্ষের সাথে আলোচনার প্রস্তাব দিলেও মহাসড়ক থেকে সরে না গিয়ে উল্টো অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে সাউণ্ড গ্রেনেড ছুঁড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। মালিক পক্ষের সাথে আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত চলমান।'