প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ২:৫৯ পিএম
সংগৃহীত ছবিকুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আরও ৫১৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) অংশ নেয়।
শুক্রবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোরদের উৎপাত ও অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিযান চালানো হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে স্কুলছাত্র অপ্রতিম হত্যাকাণ্ডের পর জেলার ১৮টি থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করে পুলিশ। এ পর্যন্ত প্রায় তিন হাজার কিশোরকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে বিভিন্ন অপরাধে জড়িত আট শতাধিক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।