ছবি-যাযাদি নীলফামারীর ডিমলায় ‘মাদক ছেড়ে স্কাউটিং করি, সবাই মিলে দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁচ দিনব্যাপী ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ ও মহা তাঁবু জলসা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্কাউটস, ডিমলা উপজেলার আয়োজনে ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২৩টি স্কাউট ইউনিট অংশ নেয়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সমাবেশের পর্দা নামে। এর আগে আনুষ্ঠানিকভাবে সমাবেশের উদ্বোধন করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশের বিভিন্ন আয়োজনে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী বাবুল।
সমাবেশের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় দায়িত্ব পালন করেন উপজেলা স্কাউট সম্পাদক ও সহকারী শিক্ষক রাসেউল আলম রাসেল এবং স্কাউট কমিশনার আসাদুজ্জামান কমল। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বিভিন্ন আয়োজনে অংশ নেন।
আয়োজক সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার মোট ৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৩টি স্কাউট ইউনিট এ সমাবেশে অংশগ্রহণ করে। প্রতিটি ইউনিটে আটজন করে স্কাউট সদস্যের পাশাপাশি একজন ইউনিট লিডার দায়িত্ব পালন করেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের দক্ষতা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেম জাগ্রত করাই এ সমাবেশের মূল লক্ষ্য। পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে স্কাউটিংয়ের ইতিবাচক ভূমিকা তুলে ধরা হয়।
পাঁচ দিনব্যাপী এ সমাবেশে তাঁবুতে অবস্থান ও বিভিন্ন স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীলতা, দায়িত্বশীলতা এবং দলগতভাবে কাজ করার দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পাঁচ দিনব্যাপী এ স্কাউট সমাবেশ ও মহা তাঁবু জলসার সমাপ্তি ঘটে।