প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ পিএম
ছবি-যাযাদি কক্সবাজারের মহেশখালী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনিক কার্যক্রম সচল রাখা ও জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে আগামী ২০ অক্টোবর ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানদের কাছ থেকে নতুন প্রশাসকদের কাছে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ১৮(১) ধারা অনুযায়ী এ নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন—শাপলাপুর ইউনিয়ন পরিষদে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত বড়ুয়া, হোয়ানক ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দিদারুল ইসলাম, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল মাসুদ এবং কুতুবজোম ইউনিয়ন পরিষদে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রহমান।
প্রজ্ঞাপনে উল্লেখিত তথ্য অনুযায়ী, শাপলাপুরে দায়িত্ব হস্তান্তরের তারিখ ১ জানুয়ারি ২০২৬, হোয়ানকে ১৩ অক্টোবর, মাতারবাড়ীতে ১৬ অক্টোবর এবং কুতুবজোমে ২০ অক্টোবর ২০২৬ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আগামী ২০ অক্টোবরের মধ্যে চারটি ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন প্রশাসক নিয়োগের ফলে ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে।