প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:০৫ পিএম
ছবি-যাযাদি ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ বাংলাদেশে এসে পৌঁছেছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা স্থলবন্দর দিয়ে রেলকোচগুলো বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা দর্শনা সীমান্তে কোচগুলো গ্রহণ করেন। নতুন এসব রেলকোচ দেখতে সীমান্তে উৎসুক জনতার ভিড় জমে।
আমদানিকৃত ১৮টি রেলকোচের মধ্যে রয়েছে ১১টি নন এসি শোভন চেয়ার কার, ৩টি এসি চেয়ার কার, ২টি এসি স্লিপার কার এবং ২টি এসি পাওয়ার কার।
গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেলকোচ ফ্যাক্টরি থেকে কোচগুলো বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। এরপর কোচগুলো পশ্চিমবঙ্গের রানাঘাট রেলওয়ে স্টেশনে অবস্থান করে। আজ শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গের গেদে বন্দর হয়ে বাংলাদেশের দর্শনায় পৌঁছায়।
দর্শনায় কাস্টমস ক্লিয়ারেন্সসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে কোচগুলো পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্যে নীলফামারী জেলার সৈয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, কোচগুলো প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে। এতে রেলের যাত্রীসেবার মান আরও বৃদ্ধি পাবে।
পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, কোচগুলো আজ দর্শনা বন্দরে প্রবেশ করেছে। এগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিয়ে ট্রায়াল রান করা হবে। এরপরই কোচগুলোর মান সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে।
উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেড (RITES)-এর ২০০টি এলএইচবি ব্রডগেজ রেলকোচ সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয়। আজ আসা ১৮টি কোচ সেই চুক্তির প্রথম চালান।