প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:২৫ পিএম
ছবি: যাযাদিকুমিল্লার লাকসামে পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে লাকসাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) সকালে লাকসাম পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নশরতপুর এলাকায় নিজ বাসায় অবস্থানকালে মনির আহমেদের ব্যক্তিগত মুঠোফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। এ সময় পরিচয় গোপন রাখা এক ব্যক্তি তাকে গালিগালাজ করেন এবং হত্যাসহ পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
মনির আহমেদ জানান, ওই ব্যক্তি তাঁকে এক-দুই দিনের মধ্যে হত্যা করার পাশাপাশি পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে রয়েছেন তিনি।
বিষয়টি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি মো. আবুল কালামকে অবহিত করেছেন বলেও জানান মনির আহমেদ।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।