প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:৫৭ পিএম
ছবি: যাযাদিনীলফামারীর ডোমার পৌরসভায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে পাচটি প্যাকেজে ড্রেন নির্মাণকাজ এগিয়ে চলছে। রংপুর বিভাগের ৯ পৌরসভা উন্নয়ন প্রকল্পের (আরডিএনপিপি-আইডিপি) আওতায় এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় তিনটি মাস্টার ড্রেন ও দুটি সংযোগ ড্রেন নির্মাণ করা হবে। বর্তমানে তিনটি প্যাকেজের কাজ চলমান রয়েছে। বাকি দুটি প্যাকেজের কাজও শুরু করা হবে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
চলমান তিনটি প্যাকেজের মধ্যে প্রধান সড়কসংলগ্ন বনওয়ারী লাল আগরওয়ালার মোড় থেকে উপজেলা পরিষদের পেছন পর্যন্ত এক হাজার ১৬০ মিটার দীর্ঘ ড্রেন নির্মাণ করা হচ্ছে। এ কাজের ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ২৭ টাকা।
এ ছাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আলী হোসেন মেম্বারের বাড়ি থেকে শালকী নদী পর্যন্ত ৪৬৩ মিটার দীর্ঘ সংযোগ ড্রেন নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে ৮৪ লাখ ৫ হাজার ১২১ টাকা। অন্যদিকে ডাকবাংলো থেকে শালকী নদী পর্যন্ত ড্রেন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ৯৩৬ টাকা। এসব কাজ শেষ হলে পৌর এলাকার পানি নিষ্কাশনব্যবস্থার উন্নতি এবং জলাবদ্ধতা কমাতে সহায়তা করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ডোমার পৌরসভার প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, ড্রেন নির্মাণ করা হলে পৌরবাসীর জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনসংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান হবে। নির্মাণকাজের মান ও অগ্রগতি নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। ডোমার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন বলেন, নীলফামারীর সাবেক সংসদ সদস্য ও বর্তমানে অ্যাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের প্রচেষ্টায় রংপুর বিভাগের নয় পৌরসভা উন্নয়ন প্রকল্পে ডোমার পৌরসভা অন্তর্ভুক্ত হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, ড্রেন নির্মাণকাজ শেষ হলে পৌরবাসী জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনের ক্ষেত্রে সুফল পাবেন।