রাবণের কুশপুত্তলিকায় মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির মুখ, দাহ করল কংগ্রেসপন্থী ছাত্রসংগঠন

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ রাজনৈতিক ও ব্যবসায়ী

2026-10-21T12:03:49+06:00
2026-10-21T12:03:49+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
রাবণের কুশপুত্তলিকায় মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির মুখ, দাহ করল কংগ্রেসপন্থী ছাত্রসংগঠন
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:০৩ পিএম  
ছবি: সংগৃহীত
ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ রাজনৈতিক ও ব্যবসায়ী অঙ্গনের একাধিক ব্যক্তির মুখাবয়ব ব্যবহার করে রাবণের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেছে কংগ্রেসপন্থী ছাত্রসংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই)। নির্বাচনী অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব, জাতীয় সম্পদের অপব্যবহার, সাম্প্রদায়িকতা ও দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকির প্রতিবাদে বিজয়া দশমী উপলক্ষে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। বুধবার (২১ অক্টোবর) সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লির রাইসিনা রোডে এনএসইউআইয়ের সদর দপ্তরে ‘আঙুল তো উঠবেই, রাবণ দহন’ ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়। দশ মাথার রাবণের প্রতিকৃতিতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ নেতা, ব্যবসায়ী, নিরাপত্তা কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখাবয়ব ব্যবহার করা হয়।

প্রতিকৃতিতে নরেন্দ্র মোদি, অমিত শাহ ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পাশাপাশি শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানির মুখ ছিল। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি নেতা দুষ্যন্ত গৌতম এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মুখও ব্যবহার করা হয়।

এনএসইউআইয়ের এই কর্মসূচি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সংগঠনটির চলমান আন্দোলনের অংশ। মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে কয়েক সপ্তাহ ধরে তাঁর পদত্যাগ দাবি করে আসছে ছাত্রসংগঠনটি।

সংগঠনটির অভিযোগ, নির্বাচনী অনিয়ম, প্রশ্নপত্র ফাস, বেকারত্ব বৃদ্ধি এবং জাতীয় সম্পদের অপব্যবহারের মতো বিষয়গুলো দেশের তরুণদের ভবিষ্যৎ ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক। এসব বিষয়ে প্রতিবাদ জানাতেই রাবণের কুশপুত্তলিকা দাহের আয়োজন করা হয়।

এনএসইউআইয়ের জাতীয় গণমাধ্যমবিষয়ক দায়িত্বপ্রাপ্ত রবি পান্ডে এবং দিল্লি শাখার দায়িত্বপ্রাপ্ত অখিলেশ যাদব বলেন, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়ের প্রতীক বিজয়া দশমী। এই দিনকে সামনে রেখে ভোটাধিকার ও সংবিধান রক্ষা এবং যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে তাঁরা কর্মসূচিটি পালন করেছেন।

দ্য ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, প্রতীকী কুশপুত্তলিকা দাহের মাধ্যমে সংগঠনটি নির্বাচনী ব্যবস্থা, ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্ব এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে নিজেদের বিরোধিতা প্রকাশ করেছে।

সূত্র: দ্য ট্রিবিউন

  বিষয়:   ভারতীয় রাজনীতি  এনএসইউআই  নরেন্দ্র মোদি  নির্বাচনী  বিজয়া দশমী 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত