প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:৪৮ পিএম
ছবি-যাযাদি পিরোজপুরের নাজিরপুরে শ্রীরামকাঠী বন্দর ফেরিঘাটে গত ১৯ অক্টোবর ২০২৬, সোমবার রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় ট্রলার ডুবির মর্মান্তিক দুর্ঘটনায় মা ও মেয়ের হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে "বাংলাদেশ জামায়াতে ইসলামী" পিরোজপুর জেলা শাখার আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী মোহাম্মদ জহিরুল হক এবং পিরোজপুর এক আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, নেছারাবাদ উপজেলার ভরতকাঠী গ্রামের শংকর বেপারী তার স্ত্রী রিনা বেপারী (৩৫) ও ৮ বছরের শিশুকন্যা অর্পিতা বেপারীকে নিয়ে খেয়া পারাপারের সময় ট্রলারটি ডুবে যায়। পরবর্তীতে প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় শিশু অর্পিতা বেপারীর মৃতদেহ উদ্ধার হলেও তার মা রিনা বেপারী এখনো নিখোঁজ রয়েছেন। এই আকস্মিক দুর্ঘটনায় সনাতন ধর্মাবলম্বী পরিবারটির যে অপূরণীয় ক্ষতি হলো তাতে আমরা গভীরভাবে ব্যথিত ও শোকাহত।
নেতৃবৃন্দ শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান সৃষ্টিকর্তার কাছে তাদের বিয়োগব্যথা সহ্য করার শক্তি প্রার্থনা করেন। একই সাথে, নিখোঁজ মাকে দ্রুত উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রাখার জন্য প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রতি জোর আহ্বান জানান।