প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:০০ পিএম আপডেট: ২০.১০.২০২৬ ৬:৪১ পিএম
ছবি: সংগৃহীত দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আরও পাচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৬৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৫৭ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সোমবার সকাল আট টা থেকে মঙ্গলবার সকাল আট টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন বরিশাল বিভাগের, দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে এবং একজন রংপুরে চিকিৎসাধীন ছিলেন।
এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১১৩ জন রয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৪৩ জন।
বিভাগভিত্তিক হিসাবে, ঢাকার বাইরে সবচেয়ে বেশি ১৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশালে। এ ছাড়া খুলনায় ১৪১ জন, রাজশাহীতে ১২৮ জন, চট্টগ্রামে ১০৫ জন, ময়মনসিংহে ৮০ জন, রংপুরে ৭২ জন এবং সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মে মাসে মৃত্যু হয় একজনের। এরপর জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবর মাসে এখন পর্যন্ত মারা গেছেন ১১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এক জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৫ হাজার ৬১৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৯ হাজার ৩১৬ জন।
চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫৩ দশমিক এক শতাংশ নারী এবং ৪৬ দশমিক ৯ শতাংশ পুরুষ। অন্যদিকে, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৩৭ দশমিক ৯ শতাংশ নারী এবং ৬২ দশমিক এক শতাংশ পুরুষ।