ঘিওরে সড়কের ওপর পূজামণ্ডপ, বন্ধ যান চলাচল

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সড়কের ওপর পূজামণ্ডপ ও প্যান্ডেল নির্মাণ করায় পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে মাষ্টারপাড়া

2026-10-20T15:51:53+06:00
2026-10-20T15:59:44+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ঘিওরে সড়কের ওপর পূজামণ্ডপ, বন্ধ যান চলাচল
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৫১ পিএম  আপডেট: ২০.১০.২০২৬ ৩:৫৯ পিএম 
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সড়কের ওপর পূজামণ্ডপ ও প্যান্ডেল নির্মাণ করায় পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে মাষ্টারপাড়া সড়কে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। বিকল্প পথে যানবাহনের চাপ বেড়ে উপজেলার জনতার মোড়ে তৈরি হয়েছে তীব্র যানজট।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর ঘিওর উপজেলায় ৮৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ঘিওর সদর ইউনিয়নের মাষ্টারপাড়ার শতদল সংঘ ও ডিসি ক্লাব এবং সাহাপাড়ার কচিকাঁচা সংঘে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে। এর মধ্যে শতদল সংঘের পূজামণ্ডপটি নির্মাণ করা হয়েছে মাষ্টারপাড়ার প্রধান পাকা সড়কের ওপর। দুর্গোৎসব উপলক্ষে সড়কজুড়ে প্যান্ডেল স্থাপন করায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ঘিওর-শ্যামগঞ্জ সড়কের আওতাধীন মাষ্টারপাড়ার এই সড়কের নির্মাণকাজ শেষ হয় প্রায় এক বছর আগে। নতুন পাকা সড়কটি ঘিওর বাসস্ট্যান্ড থেকে বরংগাইল আঞ্চলিক মহাসড়ক ও বানিয়াজুরী সড়কে যাতায়াতের গুরুত্বপূর্ণ সংযোগপথ হয়ে উঠেছে। ঘিওরের প্রধান সড়কের জনতার মোড়ে পিচ উঠে বড় গর্ত তৈরি হওয়ায় বিকল্প পথ হিসেবেও সড়কটির গুরুত্ব বেড়েছে।

গত ১৬ অক্টোবর সড়কটির মরহুম মাইনুদ্দিন আহমেদ বিএসসি সড়ক ও মরহুম খন্দকার ফজলুল হক মাস্টার সড়কের দুটি প্রবেশমুখ বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়। এতে পথচারীরা চলাচল করতে পারলেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পূজা উদযাপন কমিটির সঙ্গে কথা বলে জানা গেছে, শতদল সংঘের নিজস্ব নির্ধারিত জায়গা না থাকায় কয়েক বছর ধরে সড়কের ওপর অস্থায়ীভাবে পূজামণ্ডপ নির্মাণ করা হচ্ছে। তবে সড়কটি পাকা হওয়ার পর যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় এবার মণ্ডপ নির্মাণের কারণে জনদুর্ভোগও বেড়েছে।

যাত্রী ও চালকেরা জানান, সড়কটি বন্ধ থাকায় তাঁদের বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, জনতার মোড়ে প্রধান সড়কের বড় গর্তের কারণে যান চলাচল এমনিতেই ব্যাহত হচ্ছে। সেখানে ইট ফেলে সাময়িক ব্যবস্থা নেওয়া হলেও একমুখী চলাচলের কারণে তীব্র যানজট তৈরি হয়েছে। আগে যে পথ পাড়ি দিতে ১০ মিনিট লাগত, এখন সেখানে আধা ঘণ্টারও বেশি সময় যানবাহনে বসে থাকতে হচ্ছে।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা  নাশিতা-তুল ইসলাম বলেন, প্রতিটি পূজামণ্ডপে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পুলিশও টহল দিচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি ও পরিদর্শন অব্যাহত রয়েছে। শতদল সংঘের মণ্ডপ সড়কের ওপর নির্মাণ করায় যান চলাচলে অসুবিধা হচ্ছে এবং যানজট বেড়েছে। তবে সবার সহযোগিতা থাকলে নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করা সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, জনদুর্ভোগ এড়াতে ভবিষ্যতে শতদল সংঘের পূজামণ্ডপটি সড়ক থেকে সরিয়ে অন্যত্র অথবা স্থায়ীভাবে নিরাপদ কোনো স্থানে নির্মাণ করা হোক। এতে ধর্মীয় উৎসবের আয়োজন নির্বিঘ্ন রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলও স্বাভাবিক রাখা সম্ভব হবে।
  বিষয়:   ঘিওর  সড়ক  পূজামণ্ডপ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত