প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৫৬ পিএম
ছবি: যাযাদিহবিগঞ্জের চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার দুর্গাপুর বাজারের সামনে চেকপোস্ট বসায় আভিযানিক দল। এ সময় একটি সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশা থামানোর সংকেত দিলে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশায় থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার সজীব আহমেদ (২১) চুনারুঘাট উপজেলার উত্তর আমকান্দি গ্রামের ফারুক মিয়ার ছেলে।
অন্যদিকে, শায়েস্তাগঞ্জ উপজেলার ফরিদপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় এসআরবি-৯-এর আরেকটি দল। এ সময় সিলেট থেকে ময়মনসিংহগামী একটি পরিবহনে তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার হাল্টর হাওর গ্রামের নজরুল ইসলাম (৩৪) ও ওমর ফারুক (২২) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামের রাছনা আক্তার (৩৫)।
এসআরবি-৯-এর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে গাজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের ও উদ্ধার করা গাজা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।