ছবি-যাযাদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষা কেন্দ্র কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্ত¡রে আইন কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এসময় শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় বহাল রাখার দাবি জানিয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান, নতুবা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধন চলাকালে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের ছাত্র মোঃ রুকন উদ্দিন সঞ্চলনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদ কবির আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ ছাত্র কল্যান পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম শাহীন, শিক্ষার্থী চন্দন দাশ, ইকরামুল হোসেন রকি, প্রকৌশলী এনামুল হক, আমীর খসরু খাদেম প্রতীক, মোঃ সাদ্দাম হোসেন, আনিছ, সুজন সরকার, শাহ আরমান, আহসানুল হক রিপন, মাহমুদা, স্বর্ণালী আকতার, শাহজামাল, ইমরান, রনি, আলআমীন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে আইন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এই ধারাবাহিকতার বিষয়টি বিবেচনায় নিয়েই অনেকে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজে ভর্তি হয়েছেন। কিন্তু সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চিঠিতে প্রথম বর্ষের পরীক্ষা কুমিল্লায় নেয়ার সিদ্ধান্ত জানানো হলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।
তাদের অভিযোগ, কুমিল্লায় গিয়ে পরীক্ষা দিতে হলে যাতায়াত, থাকা ও খাওয়াসহ নানা ভোগান্তিতে পড়তে হবে। বিশেষ করে চাকরিজীবী, সন্তান সম্ভবা ও সন্তান নিয়ে পড়াশোনা করা নারী শিক্ষার্থীদের জন্য দূরের কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়া কঠিন হয়ে পড়বে।
শিক্ষার্থীরা বলেন, কুমিল্লায় গিয়ে পরীক্ষা দিতে হলে শুরু থেকেই সেখানকার কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ বিবেচনা করতে পারতেন তারা। দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় পরীক্ষা দেয়ার সুযোগ থাকায় সেই বিবেচনায় এখানে ভর্তি হয়েছেন। তাই আগের কেন্দ্র বহাল রাখার দাবি তাদের। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদ কবির আকন্দ। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে তারা একমত। গত ২০ বছর ধরে এখানে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। আবার কুমিল্লায় গিয়ে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের জন্য বাড়তি অসুবিধা তৈরি করবে বলে মনে করেন তিনি।
রাশেদ কবির আকন্দ জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি চিঠির মাধ্যমেও বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাহার করে পরীক্ষা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় বহাল রাখার দাবি জানান। দাবি পূরণ না হলে রেলপথ, ঢাকা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।