ছবি-যাযাদি ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় হাইওয়ে পুলিশ বক্সের সামনে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশের দাউদকান্দি জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. ফারুক হোসেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুউদ্দিন, দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এশরাদ হুসাইন, অধ্যাপক মতিন সৈকত -এআইপি, মিজানুর রহমান তালুকদার, সাংবাদিক লিটন সরকার বাদল, ডা. মোজাম্মেল হক, নিসচার সাধারণ সম্পাদক মো. আবুল হাসান ফারুক অভি, এবং পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. শেলিনা আক্তারসহ সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা বলেন, ১৯৯৩ সালের ২২ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন মারা যান। এ ঘটনার পর একই বছরের ১ ডিসেম্বর ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নামে একটি সামাজিক আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর থেকে সংগঠনটি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের ধারাবাহিকতায় ২০১৭ সালের ৫ জুন সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৮ সাল থেকে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে।
তাঁরা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারী; সবার মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। এ জন্য ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং দক্ষ ও প্রশিক্ষিত চালক নিশ্চিত করতে হবে। পাশাপাশি সড়কের অব্যবস্থাপনা দূর করা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং আইন প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত উদ্যোগেই নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে নিরাপদ সড়ক চাই (নিসচা), দাউদকান্দি উপজেলা প্রশাসন, দাউদকান্দি হাইওয়ে পুলিশ, দাউদকান্দি মডেল থানা, জেলা ট্রাফিক পুলিশ, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র, দাউদকান্দি ফায়ার সার্ভিস ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন পরিবহন ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে যোগ দেন।