প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫:২৬ পিএম
ছবি: সংগৃহীতবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেছেন, ফ্যাসিস্ট শাসনামলসহ সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এ বছর সারা দেশে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব সম্পন্ন হওয়াকে তিনি নির্বাচিত বিএনপি সরকারের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাসির উদ্দীন নাসির।
পোস্টে তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের পেছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান এবং সব সম্প্রদায়ের নিরাপত্তার প্রতি তার অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছেন।
নাসির উদ্দীন নাসির আরও লেখেন, উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরলস দায়িত্ব পালন এবং সতর্ক নজরদারি প্রশংসার দাবি রাখে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া তথ্যের পাশাপাশি নোয়াখালীর সদর ও সুবর্ণচরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এবারের দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
পোস্টে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে লেখেন, ধর্ম যার যার, নিরাপত্তা ও মর্যাদা সবার। সব ধর্মের মানুষের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন ছাত্রদলের এই নেতা।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে পোস্টের শেষে লেখেন, “সবার আগে বাংলাদেশ।”