ঝালকাঠিতে পৌর আওয়ামী লীগের সাবেক কার্যালয় এখন এনসিপির জেলা কার্যালয়

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির একটি রাজনৈতিক কার্যালয়ের পরিচয় রাজনীতির পালাবদলে বদলে গেছে। যে ভবনে একসময় ছিল ঝালকাঠি পৌর আওয়ামী লীগের কার্যালয়, সেই ভবনেই

2026-10-23T19:51:07+06:00
2026-10-23T19:51:07+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ঝালকাঠিতে পৌর আওয়ামী লীগের সাবেক কার্যালয় এখন এনসিপির জেলা কার্যালয়
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৫১ পিএম  
ছবি-যাযাদি
ঝালকাঠির একটি রাজনৈতিক কার্যালয়ের পরিচয় রাজনীতির পালাবদলে বদলে গেছে। যে ভবনে একসময় ছিল ঝালকাঠি পৌর আওয়ামী লীগের কার্যালয়, সেই ভবনেই এখন গড়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়। আজ বুধবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। এ সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। এতে সভাপতিত্ব করেন এনসিপির ঝালকাঠি জেলা কমিটির আহবায়ক এইচ এম জাকির হোসেন। 

খোঁজ নিয়ে জানা যায়, ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার এবং তাঁর ছেলে নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদারের মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় প্রায় এক দশক আগে পৌর আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেছিলেন সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু। এ ভবনটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থিত। এর নিচ তলায় রয়েছে সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখা। এক সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক তৎপরতায় মুখর থাকা সেই ভবনের একই কার্যালয়ে এখন বিপরীত মেরুর রাজনৈতিক দলের পরিচয় বহন করছে। একই ভবনে এনসিপির রাজনৈতিক দলের কার্যালয় প্রতিষ্ঠার ঘটনা ঝালকাঠির স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও মনিরুল ইসলাম তালুকদার ওরফে মনির হুজুর পলাতক রয়েছেন। তাঁর বাবা ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার দুই মেয়াদে মেয়র থাকা অবস্থায় পৌরসভার ঠিকাদারি কাজ একচ্ছত্র নিয়ন্ত্রণ করতেন। এছাড়াও আওয়ামীলীগ ক্ষমতা থাকা অবস্থায় তাঁর প্রতিষ্ঠিত ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কয়েক হাজার কোটি টাকার কাজ ভাগিয়ে নিয়েছেন। এদিকে লিয়াকত আলী তালুকদার একাধিক মামলায় দীর্ঘদিন কারাগারে থেকে বর্তমানে জামিনে আছেন। স্থানীয় রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে রাজনৈতিক রোষানল থেকে বাঁচতেই এনসিপিকে তাঁর মালিকানাধীন ভবনে রাজনৈতিক কার্যালয় হিসেবে ভাড়া দিয়েছেন।

এ বিষয়ে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক পৌর মেয়র লিয়াকত আলী তালুকদা বলেন, এক সময়ে এই ভবনের তৃতীয় তলায় পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল। এখন সেই অফিস নেই। আমার ছেলে মিঠু তালুকদার মাসিক ১২ হাজার টাকা ও অগ্রীম দুই লাখ টাকা গ্রহণ করে এনসিপিকে দলীয় কার্যালয় পরিচালনা করার জন্য ভাড়া দিয়েছে। আমি ঢাকায় আছি। এর বেশি কিছু আমি জানি না। 

এনসিপির ঝালকাঠি জেলা কমিটির আহবায়ক এইচ এম জাকির হোসেন বলেন, এ ভবনে পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল কি-না তা আমরা জানি না। অনেক চেষ্টা করেও কোথাও অফিস না পাওয়ায় সাবেক পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের ভবনের তৃতীয় তলায় এনসিপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মাসিক ১২ হাজার টাকা ভাড়া দিতে হবে। এখানে আওয়ামী লীগের কোন নেতার সম্পৃক্ততা নেই। 

গত ২৪ সেপ্টেম্বর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যৌথভাবে ঝালকাঠির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। ঘোষিত কমিটিতে ইঞ্জিনিয়ার এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক এবং মুফতি মাসুম বিল্লাহকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত