প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০১ পিএম
ছবি-যাযাদিনেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় ইসলাম উদ্দিন (৬২) নামে এক বৃদ্ধ ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইসলাম উদ্দিন উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামের মৃত লরু শেখের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা চলে আসছিল। মঙ্গলবার বিকলে ইসলাম উদ্দিন ওই জমি থেকে মাটি আনতে গেলে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তার বাকবিতণ্ডা ও কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান।
পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে সেবাশুশ্রূষা করার পর অবস্থার অবনতি ঘটলে বিকেল দিকে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী দিলুরা বেগম ও ছেলে হোসেন মিয়ার অভিযোগ, বিরোধপূর্ণ জমিতে মাটি কাটতে গেলে একই এলাকার আজিজুল (৪২), মাজু মিয়া (৬৫)সহ কয়েকজনের সঙ্গে ইসলাম উদ্দিনের ধাক্কাধাক্কি হয়। তাদের দাবি, ওই ঘটনার পরই তিনি অসুস্থ হয়ে পড়ে ও মারা যান। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি করেছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গে ধাক্কাধাক্কির পর ইসলাম উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।