প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ এএম আপডেট: ০২.১০.২০২৬ ১০:৪৭ এএম
সংগৃহীত ছবি দেশের দুই জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ শুক্রবার (২ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ সতর্কতা প্রযোজ্য হবে বলে জানানো হয়।
বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতিভারী বর্ষণ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তা এবং আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।