প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৪:৫৭ পিএম
রাতের আঁধারে আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ।ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চর-চারতলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চর-চারতলা গ্রামের কেছকির বাড়ির লোকজনের সাথে একই এলাকার আক্কার বাড়ির লোকজনের দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।
পুরানো বিরোধের জেরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে আক্কার বাড়ির কবির মিয়া ও কেছকির বাড়ির আল-আমিনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে রাতেই দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় তারা রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সহিংসতা এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।