প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৪:১৪ পিএম
ছবি: যাযাদিচট্টগ্রামের সাতকানিয়ায় দাওয়াতের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মুখোশধারীদের হামলায় জামায়াতে ইসলামীর দুই নেতা আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পশ্চিম গাটিয়াডেঙ্গা গ্রামের বড় পুকুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহতদের একজনের ডান হাতের বাহুতে ছুরিকাঘাত করা হয়েছে। অন্যজন লাঠির আঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
আহতরা হলেন এওচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. জাকারিয়া রুবেল (৩৫) এবং ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা জাকারিয়া (৪৫)। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বলে জানা গেছে।
জাকারিয়া রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। মাওলানা জাকারিয়া স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহতদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে এওচিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের এরশাদ আলী মেম্বারের বাড়িতে একটি পারিবারিক মেহেদি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তারা। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পশ্চিম গাটিয়াডেঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে পৌছালে সাত থেকে আট জন মুখোশধারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়।
আহত জাকারিয়া রুবেল বলেন, হামলাকারীরা তাদের মোটরসাইকেল থেকে নামিয়ে দুই নলা বন্দুক দেখিয়ে জিম্মি করে। পরে তার ডান হাতের বাহুতে ছুরিকাঘাত করা হয়। সঙ্গে থাকা মাওলানা জাকারিয়াকে লাঠি দিয়ে মারধর করা হয়। তাদের চিৎকার শুনে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পেয়ে সাতকানিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এওচিয়া ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের চৌকিদার মো. ইউছুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইন বলেন, সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনের হাতে জখম হয়েছে বলে জানা গেছে। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ঘটনার কারণ খতিয়ে দেখে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।