প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৬:৫৮ পিএম
ছবি: যাযাদিকিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের মেসার্স মায়ের দোয়া ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬০)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইটভাটায় কাজ করার সময় হঠাৎ কিলন বা চিমনির পাশের একটি দেয়াল ধসে পড়ে। এ সময় দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। এতে আন্নাছ মিয়া ও হৃদয় মিয়া নামে আরও দুই শ্রমিক আহত হন।
আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।