প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৬:৩২ পিএম
ছবি-যাযাদি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে ইজারাবিহীন চেলা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বিভিন্ন রাজনৈতিক দলের ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে দোয়ারাবাজার থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সোনালী চেলা নদীসংলগ্ন শ্রীপুর মৌজার সোনাপুর ও পূর্ব সোনাপুর এলাকায় সরেজমিন পরিদর্শনে যান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং পরিদর্শনের সময় নদীর পাড় কাটার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই নদীর পাড় কেটে বালু উত্তোলন করছিলেন। এতে নদীর তীরবর্তী পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলায় অভিযুক্ত ৩৭ জন হলেন,নরসিংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সাবেক ইউপি মেম্বার জয়নাল আবেদীন, নরসিংপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান, ছাতক উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ইসলামপুর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম, ১নং ওয়ার্ড ইউপি সদস্য ও বিএনপি নেতা ধন মিয়া, দোয়ারাবাজার উপজেলা যুবদলের প্রথম যুগ্মআহ্বায়ক ফখরুল ইসলাম, বিএনপি নেতা নিজাম উদ্দীন নিধান, নুরুল ইসলাম (নুরু), সিলেট মহানগর তাঁতি দলের যুগ্মআহ্বায়ক ও কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দা মোহাম্মদ আলী জিন্নাহ, ছাতকের ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসম্পাদক বুলবুল হাজী, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আলা উদ্দিন, শফিকুল ইসলাম,যুবদল নেতা রফিক মিয়া,বকুল মিয়াসহ ৩৭ জনকে আসামী করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও অন্তত ১৫ জনকে আসামি করা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ঙ), ১২ ও ১৫(১) ধারায় মামলাটি করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক বলেন, অভিযুক্তরা অবৈধভাবে নদীর পাড় কেটে বিপুল পরিমাণ বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করেছেন। তদন্ত শেষে পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করবেন।