প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৯:৪৪ পিএম
ছবি: সংগৃহীতকলকাতার জ্যোতি নগর কলোনিতে মুসলিম বাসিন্দাদের পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ তুলে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম। তার অভিযোগ, রাজনৈতিক বিবেচনায় ওই এলাকার বাসিন্দাদের পানি সরবরাহ থেকে বঞ্চিত রাখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারকে লেখা চিঠির অনুলিপি প্রকাশ করে সমীরুল ইসলাম বলেন, জ্যোতি নগর কলোনির পানিসংকটকে সাধারণ পৌর পরিষেবার সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি বাসিন্দাদের মৌলিক মানবাধিকারের সঙ্গে সম্পর্কিত।
চিঠিতে তিনি অভিযোগ করেন, ওই এলাকায় মূলত মুসলিম জনগোষ্ঠীর বসবাস। তারা ক্ষমতাসীন বিজেপির তথাকথিত ‘ভোটব্যাংক’ না হওয়ায় পানির সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে তার দাবি।
সমীরুল ইসলাম চিঠিতে উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত নিরাপদ পানীয় জল থেকে মানুষকে বঞ্চিত রাখা সাধারণ পৌর সমস্যা নয়। নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল এবং স্বাস্থ্যসম্মত ব্যবস্থার সুযোগ পাওয়া স্বীকৃত মানবাধিকারের অংশ। তার ভাষ্য, পানির সংকট জ্যোতি নগর কলোনির বাসিন্দাদের স্বাস্থ্য, মর্যাদা ও উপযুক্ত জীবনযাপনের অধিকারকে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে।
চিঠিতে তিনি আরও বলেন, এলাকার বাসিন্দারা বিশেষ কোনো সুযোগ-সুবিধা চাইছেন না। জীবনধারণের জন্য অপরিহার্য মৌলিক অধিকারটুকুই তাদের দাবি।
পর্যাপ্ত পানীয় জলের অভাবে জনস্বাস্থ্যঝুকি বাড়তে পারে বলেও সতর্ক করেছেন এই সাংসদ। তার আশঙ্কা, পানির তীব্র সংকট অব্যাহত থাকলে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুকি তৈরি হতে পারে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর।
জ্যোতি নগর কলোনির বাসিন্দাদের নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহে দীর্ঘমেয়াদি ব্যর্থতার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবদিহি ও প্রয়োজনীয় তথ্য চাওয়ার জন্য জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন সমীরুল ইসলাম।
তবে পানির সরবরাহ বন্ধ রাখা এবং এর পেছনে রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য কাজ করার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।
সূত্র: ইন্ডিয়া টুডে