প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১০:১২ পিএম
ছবি-যাযাদি ইয়াবা পাচারকালে ০১ (এক) জন আসামীসহ ৫০,০০০ পিস ইয়াবা আটক করেছে ৬৪ বিজিবি’র বালুখালী বিওপির বিশেষ টহল দল।
গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্প-৫, ব্লক-ই-৬ এর বাসিন্দা জকরিয়া এর ছেলে মোঃ নুরুল হাকিম (৫০)।
আজ শুক্রবার (০৯ অক্টোবর) উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আনুমানিক ১০টায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ বালুখালী বিওপি’র নিয়মিত বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে রহমতের বিল গ্রামের কামাল উদ্দিনের পুকুরের পাশ দিয়ে মায়ানমার থেকে ০১ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়। বিজিবি’র টহল দল মোঃ নুরুল হাকিম (৫০), পিতা-জকরিয়া, মাতা-জনিশা, এফডিএমএন ক্যাম্প-৫, ব্লক-ই-৬, থানা-উখিয়া এবং জেলা-কক্সবাজারকে চ্যালেঞ্জ করলে সে দৌড়িয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে তাকে তল্লাশী চালিয়ে এ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ইয়াবা মায়ানমার সীমান্ত হতে ক্রয় করতঃ অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্য বহন করছিল বলে স্বীকার করে।
উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।