প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৮:৪৫ পিএম
ছবি-যাযাদি দাউদকান্দি নাগরিক ফোরামের উদ্যোগে ও বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের আয়োজনে কুমিল্লার দাউদকান্দিতে ‘মাদকের ভয়াবহতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে মাদকের বিস্তার রোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।
শুক্রবার ( ৯ অক্টোবর ) বিকেলে উপজেলার কালাসাধারদিয়া নতুন বাজার মাঠে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি নাগরিক ফোরামের সভাপতি নুরআলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ প্রধান।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিটেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান, সংগঠনের উপদেষ্টা শাহীন আহাম্মেদ চৌধুরী, শরীফুল ইসলাম ভূঁইয়া, তাফাজ্জল হোসেন সরকার ও মাজহারুল ইসলাম।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা গ্রামপর্যায়েও ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে এখনই সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে। মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন তাঁরা।
সেমিনারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।