প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৯:২৬ পিএম
ছবি: যাযাদিচট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই নেতার ওপর মুখোশধারীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াত। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল চার টায় সাতকানিয়া আদালত চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে সাতকানিয়া থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান দলটির নেতারা।
সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি তারেক হোসাইনের সঞ্চালনায় বিক্ষোভ-পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাসের।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী, প্রকৌশলী কামরুল ইসলাম ও এওচিয়া ইউনিয়ন জামায়াতের আমির আবু বক্করসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, এওচিয়ায় জামায়াতের দায়িত্বশীল মাওলানা মুহাম্মদ জাকারিয়াসহ দুই নেতার ওপর মুখোশধারীদের হামলার ঘটনা উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য কিংবা ব্যক্তিগত বিরোধের কারণে কারও ওপর হামলা গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক সমাজে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, মুখোশের আড়ালে হামলা চালিয়ে কেউ যেন পার পেয়ে না যায়, সে জন্য ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হবে। তাঁদের দ্রুত আইনের আওতায় এনে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা হামলার শিকার নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। তাঁদের ভাষ্য, ভয়ভীতি বা হামলার মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড দমিয়ে রাখা যায় না। আইনের শাসন, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
বিক্ষোভ মিছিল থেকে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।