ছবি: যাযাদিরাজধানীর যমুনা ফিউচার পার্কে দেশের প্রথম ‘আলফা স্টোর’ চালু করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অনার। রোববার (১১ অক্টোবর) উদ্বোধন করা এ স্টোরে অনারের স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, স্মার্টওয়াচসহ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–চালিত বিভিন্ন স্মার্ট ডিভাইস ও ইকোসিস্টেমভিত্তিক পণ্য প্রদর্শন করা হচ্ছে।
যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় অবস্থিত স্টোরটি ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ হিসেবে সাজানো হয়েছে। এখানে গ্রাহকেরা সরাসরি দেখতে ও ব্যবহার করে বুঝতে পারবেন, দৈনন্দিন জীবনে অনারের বিভিন্ন ডিভাইস কীভাবে পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করে।
অনারের ‘আলফা প্ল্যান’-এর অংশ হিসেবে চালু করা হয়েছে এ স্টোর। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে চীনের শেনজেনে প্রথম আলফা স্টোর চালু করা হয়। বাংলাদেশের স্টোরটি চীনের বাইরে অনারের তৃতীয় আলফা স্টোর।
উদ্বোধনী অনুষ্ঠানে অনারের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিটেইল হেড লিউ পেই হেইলি, কান্ট্রি ডিরেক্টর লাং গুও, হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লিউ পেই হেইলি বলেন, ‘বাংলাদেশে আলফা স্টোর চালু করা অনারের জন্য গর্বের একটি মুহূর্ত। চীনের বাইরে এটি আমাদের তৃতীয় আলফা স্টোর। নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ রয়েছে। তাই এই নতুন অভিজ্ঞতা তাঁদের কাছে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘আলফা স্টোরের মাধ্যমে আমরা চাই, মানুষ আমাদের পণ্যগুলোকে আলাদা ডিভাইস হিসেবে নয়, একটি ইকোসিস্টেমের অংশ হিসেবে ব্যবহার করুক। এতে তাদের দৈনন্দিন জীবন আরও সহজ ও উপভোগ্য হবে।’
অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লাং গুও বলেন, ‘বাংলাদেশে নতুন এ রিটেইল অভিজ্ঞতা নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ব্র্যান্ড হিসেবে অনার কত দূর এগিয়েছে, আলফা স্টোর তারই প্রতিফলন। এখানে অনারের সর্বাধুনিক উদ্ভাবনগুলো একসঙ্গে পাওয়া যাবে।’
তিনি বলেন, এখানে এসে গ্রাহকেরা সরাসরি দেখতে পারবেন, অনারের ডিভাইসগুলো কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে কাজ করে।
স্টোরটিতে অনারের বিভিন্ন পণ্যের সমন্বয়ে তৈরি ইকোসিস্টেমের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ থাকবে। প্রতিষ্ঠানটির ‘অনার কানেক্ট’ অনুষ্ঠানে এ ইকোসিস্টেমের ঘোষণা দেওয়া হয়েছিল। এসব পণ্য ও প্রযুক্তি পর্যায়ক্রমে বাংলাদেশের বাজারে আনা হবে বলে জানিয়েছে অনার।
আলফা স্টোরে বিভিন্ন মডেলের স্মার্টফোনের পাশাপাশি অনারের রোবট ফোন ও ম্যাজিক ভি-ছয় ফোল্ডেবল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং টিভি রাখা হয়েছে। এআইওটি পণ্যের মধ্যে রয়েছে ইয়ারবাডস, ক্লিপ, হেডফোন ও স্মার্টওয়াচ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী জেফার ও মাহতিম সাকিব। অনুষ্ঠানে অনারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাইফ হাসানও উপস্থিত ছিলেন।