প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:০৬ পিএম আপডেট: ১১.১০.২০২৬ ৯:০৭ পিএম
ছবি: যাযাদি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামের ভেতরে লুকানো অবস্থায় দুই কোটি ৭০ লাখ টাকা মূল্যের হীরা, প্লাটিনাম, স্বর্ণালংকার ও মূল্যবান পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। এ ঘটনায় মো. জনি রহমান নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৯৬ ফ্লাইটে ঢাকায় আসেন ওই যাত্রী। ইমিগ্রেশন শেষে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমসের প্রিভেন্টিভ টিম তাঁর ব্যাগেজ স্ক্যান করে। এ সময় আচারের বয়ামের ভেতরে লুকানো অবস্থায় মূল্যবান অলংকার ও রত্নের সন্ধান পাওয়া যায়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে এক হাজার ৫৪ গ্রাম ওজনের হীরা, প্লাটিনাম ও স্বর্ণের বিভিন্ন অলংকার এবং ৭২০টি রুবি ও পোখরাজ পাথর। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৭০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ফৌজদারি মামলা করা হয়েছে। মূল্যবান পণ্যগুলো কী উদ্দেশ্যে আনা হয়েছিল এবং এ ঘটনায় চোরাচালানের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।