প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:২০ পিএম আপডেট: ১২.১০.২০২৬ ১২:২০ পিএম
উদ্ভব দাস গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে সীমা রানী দাস অন্তঃসত্ত্বা এক নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন উদ্ভব দাস নামে এক স্বামী। পরে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার এবং তাঁর স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বড়চালা এলাকায় ওই ঘটনা ঘটে। অভিযুক্ত উদ্ভব দাস (৩৫) একই গ্রামের নকুল দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশ খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। পারিবারিক কলহের জেরে একপর্যায়ে উত্তেজিত হয়ে ধারালো অস্ত্রে ওই নারীকে এলোপাতাড়ি আঘাত করে। হত্যার শিকার নারী অন্তসত্বা ছিল বলে পরিবারের অন্য সদস্যরা নিশ্চিত করেছেন। ঘরের ভেতরে রক্তের ছোপ এবং নারীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। তাঁদের মধ্যে পারিবারিক কলহের জেরে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো বলেও জানান প্রতিবেশীরা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম যায়যায়দিনকে বলেন,' রাতেই স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন তাঁর স্বামী। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।'