প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:৫৯ পিএম
ছবি: যাযাদিসুন্দরবনে মাছ ও কাকড়া ধরতে গিয়ে সম্রাট বাহিনীর হাতে জিম্মি হওয়া চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সুন্দরবনে বনদস্যু নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি দল শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় দস্যুদের কবল থেকে চার জেলেকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জিম্মি করে রেখে তাঁদের ওপর নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তারা।
উদ্ধার হওয়া জেলেরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সরকারের নির্দেশনা, স্থানীয় মানুষের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করার কার্যক্রম অব্যাহত থাকবে।