প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:৫৯ পিএম
ছবি: যাযাদিভাষাবিষয়ক অলিম্পিয়াডে সাফল্য অর্জন করায় পঞ্চগড়ের বোদা পৌরসভার হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজের ছয় শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ ইমাম হোসেন, গভর্নিং বডির সভাপতি ও সদস্য, শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বাংলা হাতের লেখা প্রতিযোগিতার ‘কিড ১-২’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শাদমান আফিফ ইহান। একই বিভাগে সায়মা জান্নাত সেকেন্ড রানার-আপ হয়েছে। বাংলা হাতের লেখা ‘৩-৪’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে হুমায়রা জান্নাত ফাতেহা।
ইংরেজি হাতের লেখা প্রতিযোগিতার ‘১-২’ বিভাগে রামিশা তাবাসসুম রাইদা প্রথম রানার-আপ এবং সাদমান আকিব ইহান সেকেন্ড রানার-আপ হয়েছে। এ ছাড়া বাংলা স্পেলিং বি বা বানান অলিম্পিয়াডের ‘কিড ৩-৪’ বিভাগে প্রথম রানার-আপ হয়েছে সমৃদ্ধ রায়।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘Bakeman’s 4th International Language League 2026’-এর গ্র্যান্ড ন্যাশনাল ফাইনালে বিভিন্ন বিভাগে সাফল্য অর্জন করে এই ছয় শিক্ষার্থী। গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। পরদিন ১০ অক্টোবর বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মূল মিলনায়তনে বিজয়ীদের হাতে পদক ও সনদ তুলে দেওয়া হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী ববি হাজ্জাজ, এমপি।
শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের এই অর্জন মফস্বলের একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। আমরা সব সময় শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও আন্তর্জাতিক মানের দক্ষতায় গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরাও নিজেদের মেধার পরিচয় দিতে পারে। আমি বিজয়ী সব শিক্ষার্থী, তাদের শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানাই।
‘Bakeman’s International Language League’ ভাষাগত দক্ষতা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত একটি ভাষাবিষয়ক প্রতিযোগিতা। এতে হাতের লেখা, বানান ও ভাষাগত জ্ঞানের বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়।