প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ পিএম
ছবি: যাযাদিসিলেটের ওসমানীনগরে ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওসমানীনগর থানার তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাজপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তাজপুর বাজারে ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে তাজপুর ইউনিয়নের কাদিপুর ও চাঁনপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে ওসমানীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে জড়িত ব্যক্তিদের ছত্রভঙ্গ করে। এ সময় ইটপাটকেলের আঘাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা, সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুলসহ তিন পুলিশ সদস্য আহত হন। আহত অন্য ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সিলেট-ঢাকা মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।
ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, তাজপুর বাজারে দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইটপাটকেলের আঘাতে তিনি নিজেসহ আরও দুই পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন।
মামলা না হওয়ার বিষয়ে ওসি বলেন, দুই পক্ষ নিজেদের মধ্যে বিরোধ মীমাংসার চেষ্টা করছে বলে তিনি জানতে পেরেছেন। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।