প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:২৪ পিএম
ছবি: যাযাদিবয়স মাত্র ১১ বা ১২ বছর। পড়ে পঞ্চম শ্রেণিতে। এই বয়সেই নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করে এলাকায় সাড়া ফেলেছে নেত্রকোণার মদন উপজেলার পরশখিলা গ্রামের শিশু অভি সূত্রধর।
অভি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা কৃষ্ণ সূত্রধর শারীরিক প্রতিবন্ধী।
পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরির প্রতি আগ্রহ অভির। প্রতিমাশিল্পী পরিবারের সন্তান না হলেও নিজে নিজে এবং বড়দের কাজ দেখে প্রতিমা তৈরির কৌশল রপ্ত করেছে সে।
এবার শারদীয় দুর্গোৎসব সামনে রেখে প্রায় এক মাসের চেষ্টায় নিজ বাড়ির আঙিনায় মাটি, খড় ও রং দিয়ে প্রায় দুই ফুট উচ্চতার একটি দুর্গা প্রতিমা তৈরি করেছে অভি। শুধু প্রতিমা তৈরি নয়, স্কুলের টিফিনের জন্য জমানো টাকা দিয়ে নিজেই পূজার আয়োজন করেছে সে। তার এই উদ্যোগে সহযোগিতা করছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী।
অভি সূত্রধর বলে, ছোটবেলা থেকে ঠাকুর বানাতে ভালো লাগে। মা-বাবা প্রথমে বকা দিলেও এখন সবাই উৎসাহ দিচ্ছে। নিজের হাতে ঠাকুর বানিয়ে পূজা করতে পেরে অনেক আনন্দ লাগছে।
অভির বাবা কৃষ্ণ সূত্রধর বলেন, আমার ছেলে ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি এসব তৈরি করত। প্রথমে খারাপ লাগলেও এখন তার এই সৃজনশীল কাজে আমরা গর্বিত। আমি গরিব, পঙ্গু মানুষ। অর্থের অভাবে তার এই প্রতিভা ধরে রাখতে পারব কি না জানি না। সরকার সহযোগিতা করলে হয়তো আমার ছেলের প্রতিভা বিকশিত হতো।
স্থানীয় ইউপি সদস্য রিপন মিয়া বলেন, ১১ বছর বয়সে নিজ হাতে প্রতিমা বানিয়ে পূজার আয়োজন করা আমাদের মদনে কেন, ময়মনসিংহ বিভাগেও বিরল ঘটনা। অভির এই প্রতিভা সত্যিই প্রশংসনীয়। তবে ছেলেটির পরিবার অনেক গরিব। তাদের সরকারিভাবে সহযোগিতা করলে সে আরও এগিয়ে যেতে পারবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন, “অভি নামে একটি ছোট্ট শিশু এ রকম একটি শিল্প তৈরি করতে পেরেছে বলে জানতে পেরেছি। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”
অল্প বয়সে অভির এই উদ্যোগ তার সৃজনশীলতা ও প্রতিমা তৈরির প্রতি আগ্রহের পরিচয় দিচ্ছে। তার হাতে তৈরি দুর্গা প্রতিমা দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ আসছেন।