প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:৫৬ পিএম
ছবি: যাযাদিপূজার উৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা বা সংকট তৈরির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। এ বিষয়ে সরকার ও দলের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ডিও প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, পূজা সারা বাংলাদেশের উৎসব। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন, এটাই তাঁরা চান। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে সরকারে না থাকলেও পূজার উৎসব সবার জন্য আনন্দময় করতে বিএনপি চেষ্টা করেছে। এবারও সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি দলেরও পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।