প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:২২ পিএম
ছবি-যাযাদি ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে ৭০৪ নম্বর মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি চালু উপলক্ষে স্টেশন এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকেই স্টেশন এলাকায় ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। ট্রেনটির যাত্রাবিরতিকে কেন্দ্র করে কসবাবাসীর মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ।
এ উপলক্ষে মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতির শুভ উদ্বোধন করেন কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান।
স্থানীয়দের প্রত্যাশা, ট্রেনটির যাত্রাবিরতি চালু হওয়ার ফলে কসবা ও পার্শ্ববর্তী এলাকার যাত্রীদের যাতায়াত আরও সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক হবে। পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় কসবাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার। মহানগর প্রভাতীর এই যাত্রাবিরতিকে এলাকার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।