প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:১৫ পিএম
ছবি-যাযাদি গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপে পড়ে থাকা ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণে নূর মোহাম্মদ নামের এক ফার্নিচার ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালের দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে।
আহত নূর মোহাম্মদ (৪৬) উপজেলার সাটিয়াবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দোকানের পাশের ময়লার স্তূপের কাছে প্রাকৃতিক কাজ সারতে গিয়েছিলেন নূর মোহাম্মদ। সেখানে পড়ে থাকা ককটেলসদৃশ একটি বস্তু হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে তাঁর হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। সে মনে করেছিল এটি একটি প্লাস্টিকের নতুন বোতল। পরে কাছে গিয়ে সেটি ধরতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে হাতের আঙুল ছিটকে গিয়ে আহত হন নুর মোহাম্মদ। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, শাহিনুর আলম যায়যায়দিনকে বলেন,' খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ককটেলসদৃশ বস্তুটি সেখানে কীভাবে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।'