প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:০৫ পিএম
ছবি-যাযাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) পরিদর্শন করেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে অধ্যাপক ড. ওবায়দুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক কার্যক্রম, সমুদ্রসম্পদ নিয়ে গবেষণার সম্ভাবনা এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে আলোচনা হয়। কুয়াকাটার নিকটবর্তী অবস্থান এবং বিশ্ববিদ্যালয়ে ওশানোগ্রাফি অনুষদ থাকায় সামুদ্রিক গবেষণা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের হল পরিদর্শন করেন এবং উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গবেষণা কার্যক্রম, উচ্চশিক্ষার প্রসার এবং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে গবেষণার নতুন ক্ষেত্র তৈরি হবে এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গবেষণায় আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”