ছবি-যাযাদি দীর্ঘ পাঁচ বছর বিরতির পর আবারও টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগের বল
মাঠে গড়িয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে টাঙ্গাইল শহীদ মারুফ
স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন
করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আলী ইমাম তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান,
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও প্রথম বিভাগ ফুটবল লীগের সভাপতি
মাহমুদুল হক সানু, লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান
আইয়ুব, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার
(সদর সার্কেল) এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী এবং জেলা ক্রীড়া সংস্থার
অ্যাডহক কমিটির সদস্য আরিফুল হক প্রিন্স।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
বলেন, টাঙ্গাইল একসময় ক্রীড়ানগরী হিসেবে সারা দেশে পরিচিত ছিল। জেলার
অনেক ফুটবলার জাতীয় দল ও ঢাকার বিভিন্ন ক্লাবের হয়ে সুনামের সঙ্গে
খেলেছেন। ফুটবলের সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে এবং সবাইকে মাঠমুখী করতে
হবে।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে।
মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফুটবলের পাশাপাশি
ক্রিকেট, হকি, ভলিবল ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলায় টাঙ্গাইলের
খেলোয়াড়েরা যাতে ভালো করতে পারেন- সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।
উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুসলিম রেনেসাঁ ক্লাব ৩-০ গোলে
পূর্বাচল ক্লাবকে হারিয়ে প্রথম বিভাগ ফুটবল লীগের শুভ সূচনা করে।
এবারের লীগে টাঙ্গাইল শহরের ১০টি ক্লাব তিনটি গ্রুপে অংশ নিচ্ছে। ‘ক’
গ্রুপে রয়েছে মুসলিম রেনেসাঁ ক্লাব, পূর্বাচল ক্লাব, থানাপাড়া
ব্যায়ামাগার ও ভাসানী ক্লাব। ‘খ’ গ্রুপে রয়েছে ইয়ুথ ক্লাব, আকুর টাকুর
যুব সংঘ ও সাবালিয়া জুনিয়র ফুটবল ক্লাব। ‘গ’ গ্রুপে রয়েছে উদয়ন ক্রীড়া
চক্র, সাবালিয়া ক্রীড়া একাদশ ও থানাপাড়া এলিভেন বুলেটস ক্লাব।
দীর্ঘ বিরতির পর লীগ শুরু হওয়ায় জেলার ফুটবলার ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে
উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের ফুটবলের
ঐতিহ্য পুনরুদ্ধার হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।