ছবি-যাযাদি বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘হয় আপনি থাকবেন, নয়তো চাঁদাবাজেরা থাকবে। আপনি থাকতে পাথরঘাটায় কোনো চাঁদাবাজ ও কিশোর গ্যাং থাকতে পারবে না।’
শুক্রবার (১৬ অক্টোবর) এক সপ্তাহের সফরে নিজ নির্বাচনী এলাকা বরগুনা-২ আসনে অবস্থানকালে পাথরঘাটা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় পাথরঘাটার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে চিফ হুইপ অভিযোগ করেন, তাঁর নাম ব্যবহার করে আউয়াল নামের এক ব্যক্তি চাঁদাবাজি করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
চাঁদাবাজি ও সন্ত্রাসী এবং কোস্ট গার্ডের সোর্সকে কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে নুরুল ইসলাম মনি বলেন, যারা চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাথরঘাটায় কোনো চাঁদাবাজ, ধান্দাবাজ কিংবা সন্ত্রাসী চক্রের স্থান হবে না। এ সময় এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন চিফ হুইপ। তিনি বলেন, পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের কথা শোনা যাচ্ছে। এখানে তাদের কোনো স্থান হতে পারে না, হতে দেওয়া হবে না। এসব অপরাধী চক্র নির্মূল করতে হবে। আগামী দুই মাসের মধ্যে পাথরঘাটায় কিশোর গ্যাং বলতে কিছু থাকবে না।
মতবিনিময় সভায় পাথরঘাটার জেলেদের দীর্ঘদিনের দাবি ও অবৈধ ট্রলিং বোটের বিষয়েও কথা বলেন চিফ হুইপ। তিনি বলেন, ট্রলিং জালের কারণে ইলিশের প্রজনন ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের অন্যান্য এলাকায় ট্রলিং বোট চললেও পাথরঘাটায় কোনো অবৈধ ট্রলিং বোট চলতে দেওয়া হবে না।
পাথরঘাটার জেলেদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবৈধ ট্রলিং বোটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মৎস্যসম্পদ রক্ষার পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন নিয়েও সভায় আলোচনা করেন চিফ হুইপ। তিনি পাথরঘাটার রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
এদিকে সফরকালে পাথরঘাটা উপজেলা পরিষদের সংস্কার ও উন্নয়নকাজের উদ্বোধন করেন নুরুল ইসলাম মনি। এ ছাড়া পাথরঘাটার জেলেদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
সফরের অংশ হিসেবে পাথরঘাটার বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্থানীয় রাস্তাঘাট ও অবকাঠামোর অবস্থা পর্যবেক্ষণ করেন চিফ হুইপ। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাথরঘাটার বিভিন্ন পূজামণ্ডপও পরিদর্শন করেন তিনি।