প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:৫১ পিএম
ছবি-যাযাদি গাজীপুরের শ্রীপুরে পুড়িয়ে দেওয়া কার্যালয়ের সামনে শপথ করে শেখ হাসিনাকে দেশে ফিরানোর কথা জানালেন আওয়ামী যুবলীগের (নিষিদ্ধ সংগঠন) শ্রীপুর পৌর কমিটির নেতাকর্মীরা। এসময় তারা নানা স্লোগান দিয়ে মিছিল করেন।
আজ শনিবার (১৭ অক্টোবর) ভোরের দিকে গাজীপুরের শ্রীপুর পৌর শহরে অবস্থিত উপজেলা আওয়ামী কার্যালয়ের সামনে এ মিছিল হয়।
মিছিলে নেতৃত্ব দেন পৌর যুবলীগের আহবায়ক আশরাফুল ইসলাম ওয়াসিম। ফেসবুক আইডিতে পোস্ট দেওয়া ভিডিও থেকে বিষয়টি প্রকাশ্যে আসে। ভিডিও বিশ্লেষণে দেখা যায়, পৌর শহরের একটি রাস্তায় মিছিল করে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসে বক্তব্য দিচ্ছেন নেতাকর্মীরা।
মিছিল শেষে পৌর যুবলীগের আহবায়ক আশরাফুল ইসলাম ওয়াসিম তার ফেসবুক আইডিতে ভিডিও আপলোড করেন। সেখানে ক্যাপশনে তিনি লিখেন, আওয়ামী লীগের প্রত্যেকটা ভাঙা কার্যালয় থেকেই শুরু হবে আমাদের আগামীর নতুন পথচলা, নতুন স্বপ্ন আর বিজয়ের প্রত্যয়। আমাদের প্রিয় কার্যালয়কে আবারও নিজেদের হাতে সাজিয়ে তুলতে হবে, ফিরিয়ে আনতে হবে তার চিরচেনা প্রাণচাঞ্চল্য।
ইনশাআল্লাহ, আমরা পারব আমরাই করব। কারণ, যেখানে শেষ, সেখান থেকেই আবার নতুন শুরুর গল্প লেখা হয়।
গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) শফিকুল ইসলাম বলেন,' এমন মিছিলের খবর পাইনি। খোঁজ নিয়ে জানাতে পারবো। আমি স্টেশনের বাইরে ছিলাম। ভিডিও লিংকটা দেন। ফুটেজ দেখে আইনী পদক্ষেপ নেওয়া হবে।'