সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও সমাবেশ।সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার বিচার ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে জেলা শহর ও দুর্গাপুরে পৃথক কর্মসূচি থেকে সাংবাদিকেরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুবুর কিবরিয়া চৌধুরী।
কর্মসূচিতে বক্তব্য দেন খবরের কাগজের প্রতিনিধি সঞ্জয় সরকার, ভোরের কাগজের প্রতিনিধি শফিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সমন্বয়ক প্রীতম সোহাগ, ৭১ টেলিভিশনের প্রতিনিধি মির্জা হৃদয় সাগর, জি টিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল এবং সাংবাদিক আবুল কালাম ও সোহেল খান প্রমুখ।
অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার প্রেসক্লাব মোড় এলাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুর্গাপুর প্রেসক্লাবের সহসভাপতি প্রবীণ সাংবাদিক মো. মোহন মিয়া। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ।
এ কর্মসূচিতে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও নির্মলেন্দু সরকার, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কামাল হোসাইন, প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী, আজকের পত্রিকার প্রতিনিধি সাইফুল আরিফ জুয়েল, ডিবিসির প্রতিনিধি রাকিবুল ইসলাম, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সৈকত সরকার ও ৭১ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি রাজেশ গৌড়সহ অন্যরা।
বক্তারা বলেন, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বক্তারা আরও বলেন, আলিফের দুটি ছোট সন্তান রয়েছে। তাঁর মৃত্যুতে স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। শোকসন্তপ্ত পরিবারটির পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের ভরণপোষণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
দুর্গাপুরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে অংশগ্রহণকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে কিছুক্ষণের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বেসরকারি আইপি টেলিভিশন রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফ। এ ঘটনায় শুক্রবার রাতে তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।