বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে নিয়োগে জালিয়াতির অভিযোগ, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

যাযাদি অনলাইন

জাতীয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে মিথ্যা ও ভুয়া তথ্য দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী

2026-10-18T22:07:48+06:00
2026-10-18T22:07:48+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে নিয়োগে জালিয়াতির অভিযোগ, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:০৭ পিএম  
ছবি: সংগৃহীত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে মিথ্যা ও ভুয়া তথ্য দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের সচিব মো. সাইদুর রহমান খান।

দুদকের অভিযোগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ), বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ‘অনারারি স্পেশালিস্ট/এক্সপার্ট’ হিসেবে কাজ করার মিথ্যা তথ্য জীবনবৃত্তান্তে উল্লেখ করেছিলেন সায়মা ওয়াজেদ। ওই তথ্যের ভিত্তিতে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান বলে দাবি করেছে সংস্থাটি।

২০২৫ সালের ২০ মার্চ সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। এর মধ্যে একটি মামলা ছিল মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি নেওয়ার অভিযোগে। অন্য মামলাটি সূচনা ফাউন্ডেশনের নামে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগে করা হয়।

দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের জন্য জমা দেওয়া জীবনবৃত্তান্তে সায়মা ওয়াজেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘অনারারি স্পেশালিস্ট/এক্সপার্ট’ হিসেবে কাজ করার তথ্য উল্লেখ করেন। দুদকের দাবি, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের দায়িত্ব পালনের তথ্য মিথ্যা ও বানোয়াট ছিল।

তদন্তে বলা হয়েছে, ওই তথ্য ব্যবহার করেই তিনি আন্তর্জাতিক সংস্থাটির আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভ করেন। ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এবং সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দুদকের ভাষ্য অনুযায়ী, জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে।

দুদকের তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, সায়মা ওয়াজেদের জীবনবৃত্তান্তে দেওয়া তথ্যের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় নথি প্রস্তুত ও যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে চাপ প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

পরে বাংলাদেশের স্থায়ী মিশন, জাতিসংঘের কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এসব তথ্য সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে সায়মা ওয়াজেদ দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান বলে দুদকের তদন্তে উল্লেখ করা হয়েছে।

দুদকের এজাহারে বলা হয়েছে, সায়মা ওয়াজেদ হোসেন ওরফে সায়মা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, শিক্ষা ম্যানুয়াল তৈরি কিংবা পর্যালোচনার সঙ্গে যুক্ত ছিলেন না। তা সত্ত্বেও এসব কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার মিথ্যা দাবি করে তিনি ২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আবেদন করেন বলে অভিযোগ করেছে দুদক।
দুদকের অভিযোগ অনুযায়ী, ওই আবেদনের মাধ্যমে তিনি সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভ করেন। এ ঘটনায় দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

দুদকের সচিব মো. সাইদুর রহমান খান রোববারের সংবাদ ব্রিফিংয়ে জানান, সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে নিয়োগে মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত-পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে চার্জশিট অনুমোদন বা দাখিলের অর্থ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়া নয়। মামলার অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।
  বিষয়:   সায়মা ওয়াজেদ পুতুল  দুদক  বিশ্ব স্বাস্থ্য সংস্থা  চার্জশিট 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত