নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধান মন্ত্রী

যাযাদি অনলাইন

জাতীয়

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান

2026-10-19T14:57:30+06:00
2026-10-19T15:35:55+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধান মন্ত্রী
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:৫৭ পিএম  আপডেট: ১৯.১০.২০২৬ ৩:৩৫ পিএম 
ছবি: যাযাদি
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। প্রধান মন্ত্রী বলেন, সবার কথা বাদ দেন, নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি। আসুন, আমরা সবাই মিলে সেই চেষ্টা করি।

সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে নগরী পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, কেউই চান না তার সন্তান নোংরা, জীবাণুযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠুক। একটি শিশু শুধু নিজের বাসার আশপাশে থাকে না। তাকে স্কুল, কলেজ, খেলার মাঠসহ শহরের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। তাই নিজের এলাকার পাশাপাশি পুরো শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার।

তিনি বলেন, আপনার সন্তান তো শুধু আপনার এলাকায় থাকবে না। সে সারা ঢাকা শহরে বিচরণ করবে। কাজেই আসুন, আমরা সবাই মিলে চেষ্টা করি। চেষ্টা করলে আমরা পারব। প্রধান মন্ত্রী বলেন, ঢাকা শহরের অন্যতম বড় সমস্যা আবর্জনা ও অপরিচ্ছন্নতা। এ সমস্যা এক দিনে কিংবা সাত দিনে সমাধান করা সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি করা সম্ভব।

সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সমস্যার সমাধানের সঙ্গে জড়িত। হয়তো সময় লাগবে, কিন্তু চেষ্টা করে গেলে পরিবর্তন আসবেই। আপনাদের মধ্যে সেই আত্মবিশ্বাস থাকতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইচ্ছা।

নগরীর সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন সরকারপ্রধান। তিনি বলেন, নিজে বিভিন্ন জায়গায় গেলে কোথায় কী সমস্যা রয়েছে, তা দেখার চেষ্টা করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোন করে বিষয়গুলো জানান। সিটি করপোরেশনের কর্মকর্তারাও একইভাবে দায়িত্ব পালন করলে নগরীর সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে।

লন্ডনের উদাহরণ দিয়ে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরলেন ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলার বিষয়ে যুক্তরাজ্যের লন্ডন শহরের উদাহরণ দেন প্রধান মন্ত্রী। তিনি বলেন, ষাট ও সত্তরের দশকে লন্ডনের অনেক জায়গায়ও ময়লা-আবর্জনা ছিল। দীর্ঘদিনের প্রচেষ্টা ও নাগরিক সচেতনতার মাধ্যমে সেখানকার পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

প্রধান মন্ত্রী বলেন, বিদেশের পরিচ্ছন্ন শহর দেখে অনেকেরই মনে হয়, বাংলাদেশের শহরগুলোও যদি এমন হতো। তবে এ ধরনের আফসোস করে বসে থাকলে চলবে না। নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি বলেন, ‘আপনারা অনেকেই হয়তো বিদেশের সুন্দর, পরিচ্ছন্ন শহর দেখেছেন। দেশে ফিরে নিশ্চয়ই আফসোস হয়েছে, আমাদের শহরটা যদি এমন হতো! কিন্তু সেই আফসোস করে বসে থাকলে হবে না। নিজেদের দায়িত্বও পালন করতে হবে।’

ঢাকার পরিচ্ছন্নতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। এ প্রসঙ্গে বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করা দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাম্প্রতিক কথোপকথনের কথা তুলে ধরেন তিনি। প্রধান মন্ত্রী জানান, ওই প্রতিষ্ঠানের একজন শীর্ষ কর্মকর্তা সম্প্রতি তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ঢাকার পরিবর্তন সম্পর্কে জানতে চাইলে তিনি শহরের পরিচ্ছন্নতা আগের তুলনায় কিছুটা ভালো হয়েছে বলে জানান।

এ প্রসঙ্গে প্রধান মন্ত্রী বলেন, তিনি কিন্তু বলেননি অনেক পরিবর্তন হয়েছে। বলেছেন, কিছুটা ভালো হয়েছে। তার মানে পরিবর্তন সম্ভব। আমরা সবাই মিলে চেষ্টা করলে আরও ভালো করা যাবে। নগরীর বিভিন্ন সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করার কথাও জানান তিনি। কোথাও সড়ক বিভাজক নতুন করে তৈরি হচ্ছে, কোথাও বর্জ্য স্থানান্তর কেন্দ্রের অবস্থার উন্নতি হচ্ছে উল্লেখ করে এসব উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন প্রধান মন্ত্রী।

সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের কাজের মূল্যায়ন করার আহ্বান জানিয়ে প্রধান মন্ত্রী বলেন, দায়িত্ব পালনে কতটুকু আন্তরিকতা দেখানো হচ্ছে এবং সমস্যা সমাধানে কতটা চেষ্টা করা হচ্ছে, তা প্রত্যেককে নিজের কাছে জবাবদিহি করতে হবে। তিনি বলেন, ‘আপনি আমার সমালোচনা করতেই পারেন। কিন্তু নিজের ভেতরেও নিজের সমালোচনা করতে হবে। ভাবতে হবে, আমি আমার দায়িত্ব কতটুকু সঠিকভাবে পালন করছি, কতটুকু চেষ্টা করছি।’

প্রধান মন্ত্রীর মতে, নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ঢাকাকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহরে পরিণত করা সম্ভব। এর আগে প্রধান মন্ত্রী নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি আবহাওয়ার তথ্য, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ভূমিকম্পসংক্রান্ত হালনাগাদ তথ্য, বাতাসের গতিবেগ, বন্যার পূর্বাভাস এবং বায়ুর মান পর্যবেক্ষণের বিভিন্ন ওয়েবসাইট দেখেন।

এসব তথ্য কীভাবে পর্যবেক্ষণ করা হয় এবং জরুরি পরিস্থিতি সম্পর্কে কীভাবে তথ্য পাওয়া যায়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের কাছে জানতে চান। এ ছাড়া ফেসবুক লাইভের মাধ্যমে নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধান মন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রম নিয়ে তৈরি একটি ভিডিও চিত্রও দেখেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতি মন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
  বিষয়:   তারেক রহমান  ঢাকা  ঢাকা দক্ষিণ সিটি  নগর উন্নয়ন 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত