প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:৪৭ পিএম
ছবি-যাযাদি ফরিদপুর জেলায় ৭৭৩টি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পুলিশ সুপার বলেন, ফরিদপুরে সর্বমোট ৭৭৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর একটি বড় অংশ ভাঙ্গা থানাধীন এলাকায়। রাতে পূজামণ্ডপ পরিদর্শনে এসে দেখা গেছে, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। গভীর রাত পর্যন্ত শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও স্বতঃস্ফূর্তভাবে পূজামণ্ডপে ঘোরাফেরা করছেন। অষ্টমী ও নবমীতে পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, পূজা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশের পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। অধিকাংশ পূজামণ্ডপে পুলিশের যোগাযোগ নম্বর দেওয়া রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
পুলিশ সুপার জানান, গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি একাধিক পূজামণ্ডপের জন্য মোবাইল পেট্রোল টিম দায়িত্ব পালন করছে। এ ছাড়া থানা পর্যায়ে স্ট্রাইকিং ফোর্স এবং পুলিশ লাইন্সে রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। কোথাও নিরাপত্তার ঘাটতি দেখা দিলে দ্রুত অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা সম্ভব হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, সব ধরনের নিরাপত্তাব্যবস্থা কার্যকর থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেদোয়ান দ্বীপু, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লাসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতারা।