প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৩২ পিএম
ছবি-যাযাদি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও বাজারে গণসংযোগ করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহিন আহমেদ। এ সময় তিনি শতাধিক সমর্থক নিয়ে মোটরসাইকেল শোডাউন করেন।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার রাজাবাড়ী জামে মসজিদসংলগ্ন বাজার থেকে গণসংযোগ শুরু করেন শাহিন আহমেদ। পরে তিনি ইউনিয়নের কাটাপিটানিয়া সার্বজনীন দুর্গামন্দির, সোনারঘোপ সার্বজনীন দুর্গামন্দির ও লেবুবাড়ী সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শাহিন আহমেদ বলদিয়া ইউনিয়নে একাধিকবার ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বলে জানা গেছে। তাঁর সমর্থকদের দাবি, ওই সময় বিরোধী দলের প্রতিনিধি হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করায় ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে প্রত্যাশিত সুযোগ-সুবিধা পাওয়া কঠিন হয়ে পড়েছিল।
বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় থাকায় এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বলদিয়া ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যাশা করছেন তাঁর সমর্থকেরা। তাঁদের মতে, সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদের অভিজ্ঞতা ও স্থানীয় পর্যায়ে পরিচিতিকে কাজে লাগিয়ে ইউনিয়নের রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, বলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে শাহিন আহমেদের অভিজ্ঞতা এলাকার উন্নয়নে কাজে লাগতে পারে। তাঁদের মতে, ইউনিয়নের রাস্তাঘাট সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্যাপনে সবার সহযোগিতা কামনা করেন তাঁরা।
সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন, “আমি দীর্ঘদিন বলদিয়া ইউনিয়নের মানুষের সঙ্গে কাজ করেছি। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। বলদিয়া ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের কল্যাণে ভবিষ্যতেও কাজ করতে চাই। এলাকার মানুষের সহযোগিতা নিয়ে রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে ভূমিকা রাখাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দময় ও নিরাপদ হোক এটাই আমার প্রত্যাশা। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”