প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৫৮ পিএম
ছবি: যাযাদিলাকসামে এক কিশোরীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে মামলার এজাহারভুক্ত প্রধান আসামী সুফিয়ান মজুমদার শামীমকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে সোমবার (১৯ অক্টোবর) কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
সুফিয়ান মজুমদার শামীম লাকসাম পৌরশহরের পশ্চিমগাঁও এলাকার ডেন্টাল চিকিৎসক শাহজাহান মজুমদারের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠে শামীমের বিরুদ্ধে। এজাহারে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ, শারীরিক নির্যাতন, অবৈধ গর্ভপাত এবং মাদক সেবনে বাধ্য করার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা ফারহানা মাহমুদা ঝর্ণা শামীমসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
ওই ঘটনার পর গত ১০ এপ্রিল কিশোরীকে উদ্ধার করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল ওই কিশোরীকে আবারও অপহরণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ২৩ জুন দ্বিতীয়বার তাঁকে উদ্ধার করা হয়।
পরদিন ২৪ জুন কিশোরীর মা ফারহানা মাহমুদা ঝর্ণা বাদী হয়ে সুফিয়ান মজুমদার শামীম, তার বাবা শাহজাহান মজুমদার (৫৫) এবং গোবিন্দপুর এলাকার ওবায়দুল হকের ছেলে আল আমিনসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে লাকসাম থানায় মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত আসামী আল আমিনকে গত ২ জুলাই গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল।
মামলার বাদী ফারহানা মাহমুদা ঝর্ণা বলেন, তিনি মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশা করছেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাতে কেরানীগঞ্জ থেকে মামলার প্রধান আসামী শামীমকে গ্রেফতার করা হয় এবং সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।